করোনা অতিমারির সময়ে রক্তের সঙ্কটে বিপন্ন ঝাড়গ্ৰামের রোগী, রক্তদান করতে এগিয়ে এল ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ মে: সামাজিক গণ মাধ্যমের বিপক্ষে যতই মত তৈরি হোক না কেন বর্তমান সময়ে তার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবেন না। বিশেষ করে এই করোনা অতিমারির সময়ে সামাজিক মাধ্যমে মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে বিভিন্ন সহৃদয় ব্যক্তি থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সাহায্যে এগিয়ে আসছেন। সেরকমই সামাজিক মাধ্যম ফেসবুকে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার ভাষা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য তৈরি হয়েছে ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ (সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি) বিষয়ক ফেসবুক গ্রুপ। এই সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি ফেসবুক গ্রুপের সদস্যদের প্রচেষ্টায় চিকিৎসার প্রয়োজনে রক্ত পেলেন ঝাড়গ্ৰামের বাসিন্দা নুসরাত পারভিন খান।

ঝাড়গ্ৰামের ওই বাসিন্দা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন, তাঁর জরুরি ভিত্তিতে ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্তের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি ফেসবুক গ্রুপের সদস্য গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সৌকত আলি শা- এর সঙ্গে যোগাযোগ করেন তাঁদের ফেসবুক গ্রুপের কোনও সদস্যের কাছ থেকে প্রয়োজনীয় রক্ত পাওয়া যায় কি না সেই নিয়ে। সঙ্গে সঙ্গে সৌকত বাবু গ্রুপে আবেদন করায় রক্ত দিতে আগ্রহী হন জাহানপুর গ্রামের বাসিন্দা এজাজুল আলি সা নামে এক যুবক। পরে ফেসবুক গ্রুপটির এক সক্রিয় সদস্য কিশোর কুমার রক্ষিত রক্তদাতাকে সঙ্গে নিয়ে ঝাড়গ্ৰামে নুসরাত পারভিন খানের জন্য রক্তদান করেন। এই নিয়ে বহুবার সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ। যা নিয়ে গ্রুপের পরিচালক মন্ডলিকে ধন্যবাদ জানান এলাকার বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *