আমাদের ভারত, ১৯ অক্টোবর: হিন্দু সংস্কৃতিকে অপমান করা হয়েছে ফ্যাব ইন্ডিয়ার বিজ্ঞাপনে। তা নিয়ে তোলপাড় হয়েছে নেটপাড়া। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে নেটপাড়ায় ফ্যাব ইন্ডিয়ার পোশাক বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়। ফলে চাপে পড়ে শেষ পর্যন্ত নিজেদের বিজ্ঞাপন সরিয়ে নেয় ফ্যাব ইন্ডিয়া।
ঘটনার সূত্রপাত হয় ফ্যাব ইন্ডিয়ার দিওয়ালি ক্যাম্পেইনকে কেন্দ্র করে। যার নাম দেওয়া হয় জশন ই রিওয়াজ। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু মডেলের ছবি পোস্ট করে ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। ফ্যাব ইন্ডিয়ার এই ক্যাম্পন নিয়ে আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ। দাবি করা হয় এটি কোনও হিন্দুদের পোশাক নয়, এটি মুঘল স্টাইল ফ্যাশন। একই সঙ্গে ক্যাম্পেনের নাম জশন-ই- রিওয়াজ রাখা নিয়েও আপত্তি তোলা হয়। এটি হিন্দু সংস্কৃতি বিরোধী বলে অভিযোগ করা হয়।
টুইটারে “শেম অন ফ্যাব ইন্ডিয়া” কথাটি লেখা হয় এবং সংস্থার পোশাক বয়কটের ডাক দেওয়া হয়। বিজেপি নেতা তেজস্বী সূর্য টুইট করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, দীপাবলী জংশন ই রিওয়াজ নয়। আসলে এর মাধ্যমে হিন্দু উৎসবের অপমান করা হচ্ছে। মডেলদের পরনে হিন্দু পোশাক পর্যন্ত নেই এটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
বিতর্ক তুঙ্গে উঠতেই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় ফ্যাব ইন্ডিয়া। পরে সংস্থার তরফে জানানো হয় এটা তাদের দীপাবলীর ক্যাম্পেইন নয়। তাদের দীপাবলীর ক্যাম্পেইন এর নাম ঝিলমিল সি দিওয়ালি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফ্যাব ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংস্থা প্রতিমাসেই নতুন নতুন কালেকশন নিয়ে আসে। ভারতের উৎসবের কথা মাথায় রেখে ক্যাম্পেন হয়। উৎসব বোঝাতে এই ক্যাম্পেন করা হয় এর সঙ্গে দীপাবলীর কোনো সম্পর্ক নেই

