মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগে ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিজেপির স্মারকলিপি জমা ঘিরে চরম উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ জুন: উত্তর দিনাজপুরের চোপড়ায় বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিতে এলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করতে করে দুই পক্ষকে সরিয়ে দেয়। বিজেপির দুই সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত
দুষ্কৃতিরা চোপড়ার বিডিও অফিস ঘিরে রাখে বলে অভিযোগ। বাম কংগ্রেস জোটের নেতারা মনোনয়নপত্র তুলতে গেলে বাম কংগ্রেসের নেতাদের উপর তারা হামলা চালায় বলে অভিযোগ। চোপড়া ব্লকে এখনও পর্যন্ত বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতেই পারেনি বলে জানা গিয়েছে। মনোনয়নপত্র জমা দেবার জন্য বাকি আর মাত্র একটা দিন। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেবার পরিবেশ তৈরীর দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিতে যায় বিজেপি। চোপড়া ব্লকের জেলা পরিষদ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে যেতেই দুই রাজনৈতিক দল সামনা সামনি হওয়ায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *