রাজেন রায়, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ফের ভোটের প্রচারে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়াল বিজেপি কর্মীরা। মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আমহার্স্ট স্ট্রিট। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, ঝাঁটা। গাড়ি ভাঙ্গচুর করা হয়। আমহার্স্ট স্ট্রিট থানার অদূরে এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে অভিযোগ।
আজ হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিলের ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। কিন্তু মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। অভিযোগ তাঁদের রোড শো এগিয়ে যাওয়ার পথেই নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো। গাড়িতেও ভাঙ্গচুর করা হয়। পরিকল্পনা করে তৃণমূল কর্মীরা এমন ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির।
দু’পক্ষের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সংলগ্ন সিটি কলেজে। পরে পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ”বিজেপির বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে তৃণমূল। তা আটকানোর জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না।” সিটি কলেজে অশান্তির প্রতিবাদে পোস্ট অফিসের সামনে অবরোধ শুরু করেন তৃণমূল সমর্থকরা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

