অনাস্থা ভোটকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেগঙ্গার চাঁপাতলায়, নামানো হলো কমব্যাট ফোর্স

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি: দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পুলিশের সামনে হাতে ফ্ল্যাগ নিয়ে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর পাল্টা বিক্ষোভ। ঘটনাস্থলে কমব্যাট ফোর্স নামানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক যুব তৃণমূল সভাপতি হাবিব রেজা চৌধুরীর বিরুদ্ধে এই গ্রাম পঞ্চায়েতের ২২ জন সদস্যের মধ্যে ১৬ জন অনস্থা নিয়ে এসেছে। আর এই অনাস্থা ভোটে হাবিব রেজা চৌধুরীকে অপসারণ করা হবে। আর এরই প্রতিবাদে হাবিব রেজা চৌধুরী ও তাঁর অনুগামীরা গোসাইপুর বাজারে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান একাধিক টেন্ডারে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন এবং সরকারি জমি নিলামে বিক্রি করে দিচ্ছেন। তারই প্রতিবাদে তারা এই অনাস্থা মানেন না। আর এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী কমব্যাট ফোর্স ও র‌্যাফ।

অপরদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামীদের অভিযোগ, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক হাবিব রেজা চৌধুরী একাধিক টেন্ডারের দুর্নীতি করছেন, মোটা অঙ্কের টাকা দাবি করেন অথচ এলাকার উন্নয়ন হচ্ছে না। তাই সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছে। আজ প্রশাসনিকভাবে চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতে সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটি হচ্ছে আর সেই সময়ই এলাকায় দুই গোষ্ঠীর বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন, কমব্যাট ফোর্স লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দূরে সরিয়ে দেয়। আর এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোসাইপুর বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *