সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: নাম ‘দুয়ারে টিকা’ প্রকল্প। কিন্তু দুয়ারে গিয়ে নয়, সেই উদ্দেশ্যকে বুড়ো আঙুল দেখিয়ে রঘুনাথপুরে ১ নম্বর ব্লকের কমিউনিটি হলেই চলছে করোনার টিকাকরণ। একই সঙ্গে কোভিড বিধি ভঙ্গের দৃশ্যও দেখা গিয়েছে সেখানে।

এলাকাবাসীর অভিযোগ, একই সঙ্গে চারটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের এবং রঘুনাথপুর শহরবাসীকে টিকা নেওয়ার জন্য ডাকা হয়। তার ফলে উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় টিকা গ্রহীতাদের। চরম বিশৃঙ্খলা দেখা দেয়। না মানা হয় কোভিড বিধি, না মানা হয় সরকারি নির্দেশ। বয়স্ক এমনকি টিকা নিতে আসা প্রতিবন্ধীরা পর্যন্ত সমস্যায় পড়ছেন। নিরুপায় হয়ে বহু মানুষ ভ্যাকসিন না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরেন।

পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় রঘুনাথপুর থানার পুলিশকে। শেষ পর্যন্ত করোনা বিধি না মেনেই টিকা নিতে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে।

