স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ জুন:
শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শান্তিপুর ব্লকের ফুলিয়া মালিপোতা এলাকার বাসিন্দা রনা বিশ্বাসের বাড়িতে হঠাৎই ঢুকে পরে ওই বিলুপ্ত প্রজাতির তক্ষকটি। পরিবারের লোকজন লক্ষ্য করলে তৎক্ষণাৎক শান্তিপুর থানায় ফোন করে রনা বিশ্বাস। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস এবং কিভাবে বাড়িতে ঢুকে গেল তক্ষকটি এই নিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। পরিবার সমস্ত ঘটনা খুলে বলার পর সেখান থেকে উদ্ধার করে শান্তিপুর থানায় তক্ষক টিকে নিয়ে আসা হয়।
বুধবার বনদপ্তর কে ফোন করে জানায় শান্তিপুর থানার পুলিশ, সে মতোই বুধবার দুপুরে শান্তিপুর থানায় পৌঁছায় বনদপ্তরের কর্মী ও শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। তক্ষকটি তার হাতে তুলে দেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস। এ বিষয়ে ওসি সুমন দাস জানান, এটি সম্ভবত বিলুপ্ত প্রায় প্রজাতির একনম্বর তালিকাভুক্ত প্রাণী, এর নাম তক্ষক হলেও গেকো বলে পরিচিত। স্বভাবতই শান্তিপুর থানার ভূমিকায় সাধুবাদ জানিয়েছে বনদপ্তর আধিকারিকরা

তবে এই ধরনের বিলুপ্ত প্রজাতির তক্ষক পাহাড়ি অঞ্চল ছাড়া সমতল অঞ্চলে খুব একটা দেখা যায় না বলে জানা যায় বনদপ্তর এর কাছ থেকে। শান্তিপুর থানার পক্ষ থেকে এলাকায় কখনো যদি এই ধরনের প্রাণীর সন্ধান পাওয়া যায় তাহলে শান্তিপুর পুলিশ প্রশাসনের সঙ্গে অথবা বনদপ্তর এর সাথে যোগাযোগ করার আবেদন জানায় শান্তিপুর থানার পুলিশ।

