বহিরাগত প্রার্থী, উলুবেড়িয়ায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের

আমাদের ভারত, হাওড়া, ৫ মার্চ: বিধানসভা নির্বাচনে দিন ঘোষণার আগে থেকেই ভূমিপুত্র প্রার্থীর দাবি উঠেছিল উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে। শুধু দলের কর্মীরাই নয় কেন্দ্রের সভাপতি সহ তৃণমূল নেতারাও এই দাবিতে সোচ্চার হয়েছিএলন। কিন্তু উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল নেতা কর্মীদের দাবিকে মান্যতা না দিয়ে শুক্রবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর  দলের তরফে এই কেন্দ্রে বহিরাগত প্রার্থীর নাম ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মীরা। শুক্রবার সন্ধ্যা থেকে উলুবেড়িয়া চেঙ্গাইল বাউড়িয়ায় দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা।

এদিন সন্ধ্যায় তৃণমূল কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে উলুবেড়িয়া কলেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবিলম্বে বহিরাগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্রের দাবি জানাতে থাকে তৃণমূলের কর্মীরা। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। যদিও এরপরেও বিক্ষোভকারীরা উলুবেড়িয়া গরুহাটা মোড়ে এবং লকগেট মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

বিক্ষোভকারীদের প্রশ্ন উলুবেড়িয়ায় রাজনৈতিক নেতা থাকা সত্ত্বেও কেন বারে বারে বহিরাগত প্রার্থী করা হচ্ছে? তাদের বক্তব্য, যদি বহিরাগত প্রাথীই করা হবে তাহলে কেন গতবারের জয়ী প্রাথী ইদ্রিস আলীকে পরিবর্তন করা হল? অবিলম্বে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রাথী পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত ২০১৯ সালে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে ইদ্রিস আলিকে প্রাথী করার সময় ও দলের একাংশ বিক্ষোভ দেখিয়েছিল যদিও সেই সময় এতটা বিক্ষোভ দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *