রাজেন রায়, কলকাতা, ১২ আগস্ট: ফের রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। বাড়ল ৩০ অগাস্ট পর্যন্ত। নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে লোকাল ট্রেন নিয়ে খুব বেশি আশার কথা শোনাতে পারলেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হয়েছে। আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। ৩০ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছুদিন কষ্ট করতে হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সাধারণ মানুষের দাবি মেনে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ বন্ধ থাকবে। এতে মানুষের কোনও অসুবিধা হবে না। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘সংক্রমণের হার কমেছে বাংলায়।’ ‘যতটা দরকার ততটা টিকা পাচ্ছি না, তাও সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি।’ টিকা আরও খানিকটা দেওয়া হলে তারপর ট্রেনের বিষয় ভাবা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

