মইদুলের মৃত্যুতে শোকপ্রকাশ করে সরকারি চাকরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর, আক্রমণে বাম কংগ্রেস

রাজেন রায়, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: দিন চারেক আগে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি বাম-ছাত্র যুবদের নবান্ন অভিযানে অংশ নিয়ে পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জে মারাত্মক আহত হয়ে সোমবার সকালে মৃত্যু হয় ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। বাড়ির লোককে জানানো হয়নি কেন? ছেলেটির পরিবার যদি মনে করে তাহলে চাকরি দিতে তৈরি রাজ্য সরকার।’

মইদুলের চিকিৎসা করেছিলেন সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ আলিম। তিনি বলেন, ‘পুলিশ লাঠি দিয়ে ব্যাপক মেরেছিল মইদুলকে। পুলিশের লাঠির আঘাত পেশির উপর পড়ায়, পেশি ফেটে যায়। সেখান থেকে যে প্রোটিন বের হয়ে জমা হয় তা কিডনিকে ব্লক করে দেয়। ১৩ তারিখ সকালে জানা যায় কিডনি ফেলিওর হয়েছে। ১৪ তারিখ অবস্থার আরও অবনতি ঘটে। রবিবার রাতে অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু ফুসফুসে জল জমতে শুরু করে। সোমবার সকালে হার্ট ফেলিওরে লড়াই শেষ করেন মইদুল ইসলাম মিদ্যা।’

বিষয়টি নিয়ে যৌথভাবে পুরো মাত্রায় রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়েছে বামফ্রন্ট-কংগ্রেস। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এতো মৃত্যু নয়, এটা খুন। বাঁকুড়া থেকে গ্রামের ছেলে চাকরি চাইতে এসে কলকাতার রাস্তায় পুলিশ-প্রশাসনের হাতে খুন হল। প্রথম থেকে বলছি সেদিন নৃশংসতা সমস্ত মাত্রা ছাড়িয়েছিল। সেদিন ওখানে জালিনওয়ালাবাগের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল এই মৃত্যুর জবাব দিতে হবে নবান্নকে।’ কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘এই সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কেউ প্রতিবাদ করতে পারবে না। একটা গণআন্দোলনকে দমন করতে পুলিশ যে নৃশংস আচরণ করেছে তা মানা যায় না।’ তবে পুরোটাই বামফ্রন্টের ষড়যন্ত্র বলে দাবি করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে খারিজ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘পুলিশ সেদিন যথেষ্ট সংযত ছিল। বামেরা একটা মড়া চাইছিল, সেটাই হল। যে কোনও মৃত্যুই দুঃখজনক, কিন্তু কেউ আত্মহত্যা করতে চাইলে তো কিছু করার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *