পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। আগুনে ঝলসে গুরুতর জখম দু’জন। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে। আহতদের নাম বলাই মান্না ও বুদ্ধদেব মান্না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ ওই গ্রামের ভিতর বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। তারপর কান্নার আওয়াজ শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেনন। এরপর বলাই মান্নার বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ঘটনায় আহত হয় তার ছেলে প্রহল্লাদ মান্না। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও এই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নারায়ণগড় থানার পুলিশ ও এসডিপিও।

