অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ১৩ ডিসেম্বর: গবেষণার একটা বড় বিষয় হল পর্যবেক্ষণ। কীভাবে এদিক থেকে সফল পর্যবেক্ষক হওয়া যায়, তার পাঠ দিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের প্রধান ডঃ অভিজিৎ পাল। ১৪ বছর মহাবিদ্যালয়ে এবং ১৪ বছর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুবাদে বহু গবেষণাপত্রের গাইড হয়েছেন তিনি।
বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির (বিএসএইইউ)-এর উপাচার্য অধ্যাপক ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উদ্যোগে প্রতিষ্ঠানের ডেভিড হেয়ার কলেজ ক্যাম্পাসে যে শিক্ষাশিবির চলছে, মঙ্গলবার ছিল তার ষষ্ঠ দিন। সেখানেই অভিজিৎবাবু হবু অধ্যাপকদের এ সম্পর্কে বার্তা দেন। তাঁর বিষয় ছিল— ‘অবজারবেশন অর ইন্টারভিউ অ্যাজ ডেটা কালেকশন টুলস অর রিভিউস অফ রিলেটেড লিটারেচার’।
অভিজিৎবাবু বলেন, নিখাদ বিজ্ঞানের গবেষণায় পর্যবেক্ষণের ঘরানা আর সমাজবিজ্ঞানের গবেষণার পর্যবেক্ষণ আলাদা ধরণের। সমাজবিজ্ঞানের গবেষণায় যাঁকে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ যাঁর মতামত গবেষণায় ব্যবহার করব, তাঁর পরিচয়, আচরণ, মনোভাবের বদল— প্রতিটির ওপর গুরুত্ব দিতে হবে। কেউ সমীক্ষায় অংশ নিতে না চাইলে বা, কোনও রকম সীমাবব্ধতার জন্য সমীক্ষায় অংশ নিতে না পারলে সেটিও রাখতে হবে পর্যবেক্ষণের আওতায়। গবেষককে মাথায় রাখতে হবে নিজের লক্ষ্য ও ভূমিকা।
তাঁর ক্লাশের দ্বিতীয় অর্ধে অভিজিৎবাবু তিনটি ভিডিও পেশ করে তাঁর বক্তব্য শিক্ষার্থীদের কাছে আরও পরিস্কার করে দেন।


আমার গবেষণার কাজে উনার অপরিসীম অবদান। আদ্যা মা মঙ্গল করুন এই প্রার্থনা করছি।