ছবি: বাঁদিক থেকে বিশ্বজিৎ দাস, অশোক সেনগুপ্ত, গৌতম ব্রহ্ম।
আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ: আরবিএসকে কথাটাকে টেনে বড় করলে দাঁড়ায় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। এটি কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। আয়ুর্বেদ, যোগ ও নেচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি— এই শব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে আয়ূষ। ভারত সরকার এই মন্ত্রকের মাধ্যমে দেশীয় ও সনাতন চিকিৎসার ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের চেষ্টা করে। আয়ুষ মেডিক্যাল অফিসার্স আরবিএসকে অ্যাসোসিয়েশন কথাটার আদ্যাক্ষরগুলো নিয়ে হয় ‘আমরা’।
রবিবার সংশ্লিষ্ট কিছু বিভাগের সহায়তায় ‘আমরা’ হাওড়ার শরৎ সদনে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্যে যেমন আছে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ নিয়ে আলোচনা, তেমনই আছে ফার্মাকোভিজিলেন্সের ওপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা, টেকনিক্যাল সেশন, পুরস্কার ও শংসাপত্র বিতরণ। আয়ুষকে পাঠকদের কাছে পরিচিত করানোর চেষ্টায় নানা সময় কলম ধরেন বা ধরেছেন, এ রকম তিন সাংবাদিককে অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হবে। তাঁরা হলেন অশোক সেনগুপ্ত (হিন্দুস্থান সমাচার), বিশ্বজিৎ দাস (বর্তমান) ও গৌতম ব্রহ্ম (সংবাদ প্রতিদিন)।
উদ্বোধন করবেন বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক মাহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সাইন্স-এর অধিকর্তা প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর তাপস চক্রবর্তী। থাকবেন ন্যাশনাল ইন্সটিট্যুট অফ হোমিওপ্যাথির পরিচালক ডাঃ সুভাষ সিং-সহ তিন বিশিষ্ট চিকিৎসক। আলোচনা হবে ফার্মাকোভিজিলেন্স এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে। ব্যবহারের জন্য লাইসেন্স পাওয়ার পর চিকিৎসায় ওষুধের প্রভাব পর্যবেক্ষণ করার অভ্যাস, বিশেষ করে আগে মাত্রা পায়নি এমন প্রতিকূল প্রতিক্রিয়া শনাক্ত ও মূল্যায়ন করাকে বলে ফার্মাকোভিজিলেন্স।
আলোচনায় থাকবেন বেঙ্গল অ্যাকাডেমি অফ অ্যাপ্লায়েড হোমিওপ্যাথির চেয়ারম্যান ডাঃ বিশ্বজিৎ বসু, নিউ ইয়র্কের কর্ণেল মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ডাঃ ভাস্বতী ভট্টাচার্য প্রমুখ। আমন্ত্রিতদের মধ্যে থাকছেন বিশিষ্ট বেশ কিছু চিকিৎসক ও চিকিৎসা-প্রশাসক।

