আমাদের ভারত, ২৯ এপ্রিল: বুথ ফেরত সমীক্ষার ট্রেন্ড একরকম নয়। কোনো সমীক্ষার ফলাফলে এগিয়ে রাজ্যের শাসক দল কোথাও এগিয়ে বিজেপি। তবে একাধিক সমীক্ষার যে রিপোর্ট আসছে তাতে এটা নিশ্চিত যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য। ২৯২ আসনে ম্যাজিক ফিগার ১৪৮।
এনডিটিভি বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেখানে তৃণমূলের আসন দুই সংখ্যায় আটকে যাবে। এনডিটিভি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ১৯৮ থেকে ২০৮ টি আসন। সেখানে তৃণমূল কংগ্রেস পাবে মাত্র ৫৮ থেকে ৬১টি আসন। সংযুক্ত মোর্চা ২০ থেকে ২৬টি আসন পেতে পারে।
আবার এবিপির সি-ভোটারের সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল।
এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৫২-১৬৪ আসন পেতে পারে। অর্থাৎ সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার অতিক্রম করে যেতে পারে রাজ্যের শাসক দল। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-২৫ টি আসন।
অন্যদিকে ইন্ডিয়াটিভির বুথ ফেরত সমীক্ষার ফলাফলে বলা হয়েছে,বিজেপি পশ্চিমবঙ্গে ১৭৩ থেকে ১৯২টি আসন পেতে পাবে। তৃণমূলের পাবে ৬৪ থেকে ৮৪টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ৭ থেকে ১২টি আসন।
সিএনএন নিউজ এইটটিনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৬২ টি আসন। বিজেপি পাবে ১১৫টি আসন। সংযুক্ত মোর্চা পাবে ১৫টি আসন।
টাইমস নাও বুথ ফেরত সীক্ষার রিপোর্টে দেখানো হয়েছে, তৃণমূল কংগ্রেস পাবে ১৭৮টি আসন, বিজেপি পাবে ১১৫ টি আসন, সংযুক্ত মোর্চা পাবে ১৫টি আসন।
রিপাবলিক সিএনএক্সের সমীক্ষায় দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস পাবে ১২৮-১৩২ টি আসন। বিজেপি পাবে ১৩৮- ১৪৮টি আসন। বামেরা পাবে ১১-২১ টি আসন।

