আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ ডিসেম্বর: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হল ফ্যাক্টরির নিজস্ব সংগ্রহশালায়। স্বাধীনতার সময় থেকে স্বাধীনতার পর ৭৫ বছর পর্যন্ত আমাদের দেশ কি কি ভাবে বিভিন্ন অস্ত্র তৈরিতে উন্নতি লাভ করেছে তা আগামী প্রজন্মের সামনে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে শুরু হল স্বাধীনতার আমল থেকে তৈরি ও বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের প্রদর্শনী। যেখানে ছাত্র ছাত্রীরা ছুঁয়ে দেখল সেই সমস্ত ঐতিহাসিক ও বর্তমান প্রযুক্তিতে তৈরী স্বয়ং সম্পূর্ণ যুদ্ধাস্ত্র।
ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন অস্ত্রের উদ্বোধন হল রাইফেল ফ্যাক্টরির নিজস্ব ক্যাম্পাসে। এই প্রদর্শনী চলবে ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ইনসাস রাইফেল, শটগান, সিঙ্গেল গান থেকে শুরু করে স্নাইপার গান সহ সমস্ত অত্যাধুনিক অস্ত্র নিয়েই এই প্রদর্শনী চলছে। এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেন
ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জিএম পিকে ব্যাহরা।

এই প্রদর্শনীর উদ্বোধনের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শুরু করে সাধারণ মানুষদেরও এই প্রদর্শনী চাক্ষুষ করার ব্যবস্থা করা হয়। এদিন সমস্ত করোনা বিধি মেনে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের জন্য এই প্রদর্শনীর দরজা খুলে দেওয়া হয়। নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা যারা মোবাইল গেমে বন্দুক দেখে অভ্যস্ত তারা প্রদর্শনীতে এসে এই সমস্ত অস্ত্র চাক্ষুষ দেখে খুবই আনন্দিত।
এদিন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জিএম বলেন, “কেন্দ্রীয় সরকারি নির্দেশ মেনে আমরা এই প্রদর্শনীটি শুরু করলাম। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য মূলত এই প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে যাতে তাদের আমরা দেখাতে ও বোঝাতে পারি কি ভাবে আমাদের অস্ত্রগুলো উন্নত মানের করে গড়ে তোলা হয়েছে।”
নিরাপত্তার কারণে এই ফ্যাক্টরিতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া না হলেও আগামী ১৯ তারিখ পর্যন্ত ছাত্রছাত্রী ও এই ফ্যাক্টরিতে কর্মরত কর্মী ও আধিকারিকদের পরিবারের সদস্যদের জন্য প্রদর্শনী সাময়িক খুলে রাখা হবে।

