সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ সেপ্টেম্বর: দীর্ঘ লকডাউনের জেরে সমস্যায় পড়েছিল ফুল ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে ফুল ব্যবসায়ীদের এখনও প্রথম ভ্যাকসিনই মেলেনি। তাই পুজোর অনুষ্ঠান বাদ দিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে ফুলবাজার চত্বরে ভ্যাকসিন দেওয়ার হিরিক পড়ে যায় ফুল ব্যবসায়ীদের। এদিন মোট সাড়ে সাতশো ফুল ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীরা প্রতিদিন ট্রেনে চেপে কলকাতা যাতায়াত করে। এদের মধ্যে এখনও অনেকেই প্রথম ভ্যাকসিন না পাওয়ায় আতঙ্কে রয়েছে। এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা পিছু ছাড়ছে না। তাই সেই সব ব্যবসায়ীদের কথা মাথায় রেখে কমিটি ভ্যাকসিনের ব্যবস্থা নিয়েছে।

শুধু তাই নয়, বিশ্বকর্মা পুজোর প্রথম দিন থেকে এলাকার দুঃস্থ পড়ুয়াদের জন্য বই, খাতা, সহ পুজোর জামাও দেওয়া হয়। ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রশান্ত দাস ঠাকুর বলেন, গাইঘাটার ব্লক সভাপতি গোবিন্দ দাস ও ইলা বাকচিদের কাছে আবেদন জানিয়েছিলাম। আমাদের আবেদনে সাড়া দিয়ে সাড়ে সাতশো ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া এলাকার প্রায় ২০০ খুদে পড়ুয়াদের বই খাতা সহ বস্ত্র বিতরণ করা হয়েছে।

