সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৩ নভেম্বর: এক ডাম্পারের খালাসির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেজিয়া থানার গোস্বামী গ্ৰামে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। কিন্তু ওই খালাসি আত্মঘাতী নাকি তাকে খুন করে কেউ ঝুলিয়ে দিয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম শুভেন্দু মন্ডল (২৪)। বাড়ি শালতোড়া থানার গোট গ্রামে। গোস্বামী গ্রামের ডাম্পার চালক রাজেশ মন্ডলের সাথে শুভেন্দু মন্ডল খালাসির কাজ করতেন। রাতে রাজেশের বাড়ির সামনে ডাম্পার দাঁড় করিয়ে রাখতেন। শুভেন্দু ডাম্পারের ড্যাস বোর্ডেই ঘুমোতেন। চালক রাজেশ মন্ডল বলেন, রোজকার মত ডাম্পারেই শুয়েছিল শুভেন্দু। ভোর বেলায় গ্রামের মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতের আলে একটি বাবলা গাছে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। কি ভাবে এই ঘটনা ঘটল কিছু বোঝা যাচ্ছে না। রাতেও স্বাভাবিক ছিল।
তবে শুভেন্দুর বাড়ির লোক একে আত্মহত্যা বলে মানতে রাজি নন। তাদের দাবি, শুভেন্দুর পা মাটিতে ঠেকে ছিল। আত্মহত্যার মত কোনও ঘটনাও ঘটেনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই জানা যাবে মৃত্যু কিভাবে হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে।

