সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ মার্চ: বন্ধ ঘর থেকে যুবকের পচা-গলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছে। শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পেয়াদপাড়া এলাকার তাঁর নিজের বন্ধ ঘর থেকে ওই যুবকের পচা গলা দেহ উদ্ধার হয়েছে। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোটাটাই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে। মৃত যুবকের নাম সোমনাথ দত্ত (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল থেকে এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ে। সোমনাথের বাড়ি থেকেই দুর্গন্ধ বেরচ্ছে বলে স্থানীয় যুবকরা তাঁর দরজা ঝাঁকায়। ভিতর থেকে সাড়া না পেয়ে তাঁর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে আছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে।

বনগাঁ থানার পুলিশ আধিকারিক বলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশের প্রাথমিক অনুমান দু’ তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাপি আইচ, রানা সরকার ও বাপ্পা সরকার বলেন, সোমনাথ পিয়াদা পাড়ার বাড়িতে একাই থাকতো। বাবা-মা কয়েক বছর আগেই মারা গিয়েছে। স্থানীয় বাজারে একটি দোকান নিয়ে ফিজিওথেরাপির কাজ করতো সে। তেমন কোন শত্রুতা কারও সঙ্গে ছিল বলে মনে হয় না। দুই দিন আগে শারীরিক অসুস্থার কথা শুনেছিলাম, সেই কারণে মৃত্যু বলে মনে হয় না।

