স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মার্চ: পরিত্যক্ত ব্যাগ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল ইসলামপুরের অলিগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পরিত্যক্ত ওই ব্যাগ থেকে বেশকিছু নগদ টাকা, ব্যাঙ্কের পাস বই, আধার কার্ড সহ কাগজপত্র উদ্ধার করে পুলিশ। কিভাবে এবং কোথা থেকে ওই ব্যাগ এখানে এল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁশঝাড়ের মধ্যে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় এলাকার বাসিন্দারা। পরিত্যক্ত ব্যাগকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে নগদ ৮-৯ হাজার ভেজা নষ্ট হয়ে যাওয়া টাকা, বিহারের বাসিন্দা দুই ব্যক্তির আধার কার্ড, ব্যাঙ্কের খাতা বের করে। পুলিশের অনুমান দীর্ঘদিন ধরেই ব্যাগটি ওই বাঁশ ঝাড়ে পড়েছিল। ফলে ব্যাগে রাখা টাকা জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


