সবংয়ে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ: প্রথম দফা নির্বাচনের ঠিক ৩ দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে বেশ কিছু তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সবংয়ের উদ্ধবপুরে বুধবার সকালে ৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় পৌঁছে সবং থানার পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করেছে।

প্রসঙ্গত, সবংয়ে এর আগেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বেশ কিছুক্ষণের জন্য মোহাড় – সবং রাজ্য সড়ক অবরোধ করা হয়।

বোমা উদ্ধারের ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতা শিশির কুলভির অভিযোগ, “এর পেছনে হাত রয়েছে শাসক দলের। ভোটের মুখে মানুষকে ভয় দেখানোর জন্য প্রায় প্রতিদিন রাতে শাসক দল বোমাবাজি করছে।”

স্থানীয় মানুষের অভিযোগ, এই ঘটনার পেছনে হাত রয়েছে স্থানীয় তৃণমূল নেতা বরুণ জানার। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরুণ জানা বলেন, “এই ঘটনার সাথে আমি কোনও ভাবেই যুক্ত নই। আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।” তিনি আরও বলেন, ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি নেতারা নিজেরাই বাড়ির সামনে বোমা রেখে তৃণমূলের নামে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *