আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ জুন: পানিহাটি সোদপুরে এমএন মুখার্জি রোডে নেতাজির মূর্তি ভাঙ্গা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, মধ্যরাতে চার যুবক এসে ওই নেতাজি মূর্তি ভেঙ্গে ফেলে। সংঘশ্রী ক্লাবের উদ্যোগে এই নেতাজি মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আর কিছু দুষ্কৃতী মধ্যপ অবস্থায় এসে রাতের অন্ধকারে এই মূর্তি ভেঙ্গে দিয়ে যায় বলে অভিযোগ।
সকালে স্থানীয়রা প্রথম দেখতে পায় যে নেতাজির মূর্তি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তারাই ক্লাবের সকলকে এই খবর দেয়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সিসিটিভির সমস্ত রেকর্ডিং খতিয়ে দেখে। তার থেকে জানা যায় ৪ জন যুবক রাতে আসে এবং নেতাজির মূর্তি ভাঙ্গচুর করে। সেই সঙ্গে এলাকায় অনেক কিছুই নষ্ট করে দিয়ে যায়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, “নেতাজি একজন বীর সন্তান। দেশ ভক্ত। তার মূর্তি ভাঙ্গা মানে সেটা দেশদ্রোহিতার সমান।
সঙ্ঘশ্রী ক্লাবের এক কর্মকর্তার অভিযোগ, রাতেরবেলা চারজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এসে নেতাজির মূর্তি ভেঙ্গে ফেলে এবং স্থানীয় এক সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়ে। যারা এই কাজ করেছে তারা ইচ্ছা করেই করেছে। হয়তো ক্লাবের সাথে কারোর কোনো শত্রুতা আছে তারাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। তবে এই কাজ খুব খারাপ।” সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের সনাক্ত করার কাজ শুরু করেছে খড়দা থানার পুলিশ।

