স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুলাই:
জোড়া সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ড লাগোয়া চর স্বরূপগঞ্জ পালপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। পরে সদ্যোজাত দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য দেহদুটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক সকাল ছ’টা নাগাদ গঙ্গায় স্নান করতে আসা স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান ওই জোড়া সদ্যোজাত শিশুর মৃতদেহ। অপরদিকে এই খবর দাবানলের মত এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষজন ছুটে আসেন মৃত শিশু দুটিকে দেখতে। অন্যদিকে খবর পাওয়ার দেড় ঘন্টা বাদে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। প্রাথমিক অনুমান জোড়া সদ্যজাত শিশুর মৃতদেহ দুটি সম্ভবত জলঙ্গী নদী দিয়ে ভেসে আসতে পারে। যদিও সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।


