উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বৃদ্ধির দাবি, চাকুলিয়ার শকুন্তলা হাইস্কুলে ব্যাপক ভাঙ্গচুর চালালো উত্তেজিত ছাত্ররা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ জুলাই: উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বৃদ্ধির দাবিতে বিদ্যালয়ে ব্যাপক ভাঙ্গচুর চালালো উত্তেজিত ছাত্ররা। ঘটনাটি চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলের। ছাত্রদের দাবি, উচ্চমাধ্যমিকে কম নাম্বার পাওয়ার কারণে তারা কোনও ভাল কলেজে ভর্তি হতে পারবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনে করেন ছাত্রদের মেধা অনুযায়ী নম্বর দেওয়া হয়নি। যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে।

রাজ্যের অন্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলের আসবাবপত্র ভাঙ্গচুর এবং বিক্ষোভের ঘটনা ঘটছে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে আজ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ শুরু করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার শাকারি তাদের মার্কসিট নেবার কথা বললেও ছাত্রছাত্রীরা এই কম নম্বরের মার্কসিট নিতে রাজী হননি। প্রধান শিক্ষক তাদের অবস্থান পরিবর্তন করাতে পারায় উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ের চেয়ার, টেবিল, ব্রেঞ্চ ভাঙ্গচুর করে বলে অভিযোগ।

প্রধান শিক্ষক নব কুমার শাকারি জানান, ছাত্রছাত্রীদের এই ক্ষোভ স্বাভাবিক। উত্তেজিত ছাত্ররা কয়েকটি চেয়ার ভেঙ্গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *