সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৫ জানুয়ারি: ড্রোন উড়িয়ে অবৈধ পোস্ত চাষের
নজরদারি চালিয়ে প্রায় ৪০০ বিঘা পোস্ত চাষের হদিশ পেয়েছে আবগারি দপ্তর। আজ সকালে এই অভিযান চালানো হয়।

বাঁকুড়ার মেজিয়া ও বড়জোড়া ব্লক এলাকার দামোদর নদের মানাচরের পলি মাটির উর্বর জমি পোস্ত চাষের উপযুক্ত এলাকা। এই সব এলাকা এতটাই দুর্গম যে লোকচক্ষুর আড়ালে তো বটেই এমনকি প্রশাসনের লোকজনও এই দুর্গম স্থানের হদিশ করতে পারে না সহজে। তাই আন্তঃ রাজ্য মাদক মাফিয়ারা মানাচরের গরিব মানুষদের কাজে লাগিয়ে এখানে পোস্ত চাষ করিয়ে অবৈধ মাদক ব্যবসায় কোটি কোটি টাকা রোজগার করে। ফি বছর আবগারি দফতর পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে বিঘার পর বিঘা পোস্ত গাছ নষ্ট করে। তারপরও মাদক মাফিয়ারা নলবনের ভিতরে হাজার হাজার বিঘা দামোদরের চরে অবৈধ পোস্ত চাষ করে।

এবার মরশুমের শুরুতেই অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে তৎপর হল সংশ্লিষ্ট প্রশাসন। আজ সকালে দামোদরের চরে ড্রোন উড়িয়ে নজরদারি চলে পুলিশ ও আবগারী দফতরের। এখন প্রায় দিন নজরদারি চলবে বলে জানিয়েছেন জেলা আবগারি দফতরের আধিকারিক বিশ্বজিৎ ভক্ত। তিনি বলেন, এদিন মেজিয়া ব্লকের জপমালী মানাচর ও দেবগ্রাম বালিঘাট থেকে ড্রোনের সাহায্যে প্রায় ৩০ বর্গ কিমি এলাকা চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে ৪০০ বিঘার মত জমিতে পোস্ত চাষ হয়েছে। শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

