HS, Bankura, পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি! বাঁকুড়ায় পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ ফেব্রুয়ারি: পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি, পরীক্ষা
কেন্দ্রেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক পরীক্ষার্থী। তার শারীরিক অবস্থা দেখে স্কুল কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনায় বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্কুল সূত্রে জানাগেছে যে, পরীক্ষা শুরু হওয়ার সময় এক পরীক্ষার্থীকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সে হঠাৎ কাঁপতে শুরু করে। কোনো কিছু লিখতে পারা তো দূরের কথা ঠিক মত বসার অবস্থাতেও সে ছিল না। তারপর সেই পরীক্ষার্থীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

জানাগেছে, পরীক্ষার্থীটি বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী। নির্দিষ্ট সময়ে খাতা-প্রশ্নপত্র দেওয়া হয়ে গিয়েছিল। সব ছাত্রীরা লেখাও শুরু করে, দিয়েছিল। কিন্তু ওই ছাত্রীকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল পরীক্ষকের। ছাত্রীটির কাছে যেতেই পরীক্ষক দেখেন যে কাঁপছে ছাত্রীটি। তার চোখমুখ উল্টে যাচ্ছে। ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, এদিন উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল। অন্যান্য পরীক্ষার্থীর মত এদিন রিম্পা নন্দীও সঠিক সময় হাজির হয় নিজের পরীক্ষা কেন্দ্র টাউন গার্লস হাই স্কুলে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর। বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই শিক্ষা দফতরে জানানো হয়। তাকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে শিক্ষা দফতর। তবে ওই পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার অবস্থায় ছিল না। তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *