বনগাঁ হাসপাতালে রক্ত সঙ্কট দূর করল প্রাক্তন সৈনিক সংগঠন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুন: পর পর রক্তদান শিবির বাতিল, রক্ত সঙ্কটের মুখে পড়েছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। একে প্রবল গরম, তার সঙ্গে জুড়েছে পঞ্চায়েত ভোট। দুয়ের যাঁতাকলে বনগাঁ মহকুমায় একের পর এক রক্তদান শিবির বাতিল হচ্ছে। ফলে, রক্ত সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে। খবর পেতেই এগিয়ে আসে বনগাঁ মহকুমার প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্যরা।

হাসপাতাল সূত্রের খবর, বনগাঁ ব্লাড সেন্টার থেকে রোজ গড়ে ৩০ ইউনিট রক্ত সরবরাহ করা হয়। বুধবার পর্যন্ত ব্লাড সেন্টারে রক্ত ছিল ৩১১ ইউনিট। চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের। পরিস্থিতি সামলাতে প্রাক্তন সৈনিক সংগঠের সম্পাদক প্রশান্ত মজুমদার উদ্যোগী হয়ে বুধবার গোপালনগরে তাঁদের বাসভবনে রক্তদান শিবিরের আয়োজন করেন। কিন্তু তাতেও ক’দিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে তাঁরা সংশয়ে। এ জন্য সমাজ মাধ্যমে আবেদনও জানাচ্ছেন তাঁরা। ব্লাড সেন্টার সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামলাতে নিজেরাই উদ্যোগী হয়ে রবিবার হাসপাতালে জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করেন।

গত ১৫, ১৭ এবং ১৮ জুন ঠাকুরনগর, হেলেঞ্চা এবং গোবরডাঙায় তিনটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল। তিনটিই বাতিল হয়। এ ছাড়া, চলতি মাসে যে ১১টি শিবির হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই জানিয়েছিলেন, ৬০ জন মানুষ রক্ত দেবেন। বাস্তবে সেখানে রক্তদান করেন মাত্র ১৭ জন।

প্রাক্তন সৈনিক সংগঠনের সম্পাদক প্রশান্ত মজুমদার, মিন্টু হালদার, অনির্বাণ, বাবলি মজুমদার বলেন, হাসপাতালে রক্ত সঙ্কট শুনতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে এক দিনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন ৬০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে দুটি করে আমগাছ, টিফিন সহ একটি ছাতা দেওয়া হয়েছে। গাছ দেওয়ার কারণ, রক্ত যেমন জীবন দান করে, গাছও মানুষকে বাঁচিয়ে রাখে, তাই সকল রক্তদাতাদের দুটি করে গাছ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *