“আইনের চোখে সবাই সমান, রাস্তায় নয় ইদের নমাজ মসজিদেই হয়েছে, রাজ্যে আইনের শাসন চলছে বলেই তা সম্ভব,” দাবি যোগীর

আমাদের ভারত, ২২ এপ্রিল: তাঁর রাজ্যে দাঙ্গা নেই, তাঁর রাজ্যে অনেক ধর্মের মানুষ থাকলেও শান্তি রয়েছে। ইদের দিনের নমাজ পড়া হয়েছে মসজিদে, কোনো রাস্তায় নয়। আইনের চোখে সবাই সমান। আর তাঁর রাজ্যে আইনের শাসন রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী বলেছেন, রাজ্যে আইনের শাসন রয়েছে যা সবার জন্য সমান। সেখানে কোনো বৈষম্য নেই। তাঁর দাবি, ইদের নমাজের জন্য রাজ্যের যান চলাচল বন্ধ হয়নি। সব নমাজ মসজিদেই হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের পূর্ব অংশ বুন্দেলখন্ড আর্থিকভাবে পিছিয়ে ছিল, কিন্তু এখন ওই দুই এলাকা এক্সপ্রেসওয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এছাড়াও আজমগড়ের নামে মানুষের মধ্যে যে ভীতি ছিল। সেটাকেও এক্সপ্রেসওয়েতে যুক্ত করা হয়েছে। সেখানে বিমানবন্দর তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দাবি, আজমগড়ে এখন আর কোনো ভয় নেই, কোনো নৈরাজ্য নেই, সেখানে উৎসব হচ্ছে। কাশিতে হচ্ছে দেব দীপাবলি। প্রয়াগ রাজে কুম্ভ ও মাঘ মেলা, বৃন্দাবনে হচ্ছে রাস উৎসব। এখন উত্তর প্রদেশের প্রতিটি অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দিন কয়েক আগেই বিবৃতি দিতে গিয়ে যোগী বলেছিলেন, রাজ্যে কোনো মাফিয়া এখন আর কাউকে হুমকি দিতে পারে না। রাজ্যে এখন আর কোনো দাঙ্গা নেই। রাজ্যে আইনের শাসন চলছে। তিনি উল্লেখ করেছিলেন, একটা সময় উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হতো। ২০১৭ সালের আগে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি খারাপ ছিল। দাঙ্গার জন্যই এই রাজ্য খ্যাত ছিল। ২০১২ থেকে ১৭ সালের মধ্যে উত্তর প্রদেশে ৭০০-র বেশি দাঙ্গা হয়েছিল। সেখানে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ্যে একটিও দাঙ্গা হয়নি। এমনকি কারফিউ জারি করা হয়নি। তিনি দাবি করেছেন, কোথাও কোনো অপরাধী কিংবা মাফিয়া, কোনো উদ্যোগপতি এখন হুমকি দিতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *