জয় লাহা, দুর্গাপুর, ১৬ এপ্রিল: ‘আজকের ভোটের রায় ফ্যাসীবাদের বিরুদ্ধে। গণতন্ত্রের পক্ষে। বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে। ঐক্য, শান্তি ও সম্প্রীতির পক্ষে। অধিকারী যতবার ঘুরবে আর মুখ খুলবে বিজেপির রোজ ২০ হাজার করে ভোট কমবে।’ শনিবার রাজ্যের দুই বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি প্রসঙ্গে এমনই তোপ দাগলেন প্রাক্তন বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী।
প্রসঙ্গত, শনিবার ছিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। ইভিএম খুলতেই ফলাফলে দুটি কেন্দ্রে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। বেলা গড়াতেই জয়ের ব্যাবধান যেমন বাড়তে থাকে, তেমনই গেরুয়া শিবিরের ভরাডুবি আরও জোরালো হয়। দুটি আসনে বিজেপি বিপুল ভেটে পরাজিত হয়। আর বিজেপির এই ফলাফলে দলের অন্দরে সমালোচনা শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে দুষছে অনেকেই। এদিন ফল ঘোষণার পর এক টুইটবার্তায় রাজ্য নেতৃত্বের পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া তোপ দাগলেন একসময়ের বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী।

এদিন তিনি বলেন, “অধিকারী জোর গলায় বলে ওর হাতে সব ওষুধ আছে। তাহলে কি ওষুধ প্রয়োগ করছেন বিজেপিকে বাংলায় শেষ করার জন্য?’ তিনি আরও বলেন,” বাংলায় যদি সব চেয়ে বড় রাজনৈতিক ব্যক্তি আছেন যিনি দুর্নীতিগ্রস্ত, উনি আর কেউ নন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার মুখে কি বাংলার মানুষ কয়লা দুর্নীতির গর্জন শুনতে পায়? না আর পায় না। লালার নাম ও আর ওনার মুখে শুনতে পায় না। প্রশ্ন হচ্ছে কেন? কয়লা নিয়ে আর বলছে না কেন? আসানসেলের মানুষ সব বোঝেন। আর বোঝেন বলেই তার জবাব দিয়েছেন ভোটে।” তিনি আরও বলেন,” আজকের ভোটের রায় ফ্যাসীবাদের বিরুদ্ধে আর গণতন্ত্রের পক্ষে। বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে। ঐক্য, শান্তি ও সম্প্রীতির পক্ষে। আগেই বলেছি, অধিকারী যতবার ঘুরবে আর মুখ খুলবে বিজেপির রোজ ২০ হাজার করে ভোট কমবে। তাই ফল হয়েছে। আসানসোলে যতবার এসেছে, ততবার ২০ হাজার করে ভোট কমেছে বিজেপির। তাই প্রায় দেড় লক্ষ ভোটে বিজেপির ভরাডুবি।”

অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলের নেতৃত্বকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “তৃণমূলের কাছে শেখার আছে। অপরিণতদের মাথার ওপর বসিয়ে রাজ্য রাজনীতি করে, তার ফল এরকম হওয়াটা স্বাভাবিক।” তিনি আরও বলেন, “তবে তৃণমূলের আগামীদিনে অশনি সংকেত দেখা পাচ্ছি। বিজেপি ৩০ শতাংশ ভোট ধরে রাখতে পেরেছে।”

