বাস চালু হলেও সমস্যা মিটলো না নিত্য যাত্রীদের

আমাদের ভারত, হাওড়া, ১ জুলাই: দীর্ঘদিন পর বাস চালু হওয়ার খবরে নিত্যযাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বৃহস্পতিবার সকালে রাস্তায় বেড়িয়ে বাস না পেয়ে তাদের সেই স্বস্তির নিঃশ্বাস একপলকে উধাও হয়ে গেল। ফলে অন্যান্য দিনের মত এদিনেও দুর্ভোগের মুখে পড়তে হল নিত্যযাত্রীদের।

বৃহস্পতিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় নামবে সরকারি বেসরকারি বাস এবং অটো টোটো। সেইমত সকাল থেকেই বিভিন্ন বাসষ্ট্যান্ডে মানুষ এসে হাজির হয়েছিল। যদিও প্রথমদিন সেভাবে রাস্তায় বাসের দেখা না পাওয়ায় দীর্ঘক্ষণ মানুষকে অপেক্ষাও করতে দেখা যায়। যদিও চাকরি বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাউকে ভিড় বাসে বাদুর ঝোলা হয়ে রওনা দিতে হয়েছে। আবার কাউকে অতিরিক্ত গাঁটের কড়ি খরচা করে প্রাইভেট গাড়ি চেপে গন্তব্যস্থলের দিকে রওনা দিতে হয়েছে। তবে প্রত্যেকের একটাই বক্তব্য, বাসের পাশাপাশি লোকাল ট্রেন চালু না করলে সমস্যা মিটবে না।

অন্যদিকে, বৃহস্পতিবার রাস্তায় কম বাস নামা প্রসঙ্গে একাধিক বাস ইউনিয়নের বক্তব্য, দীর্ঘদিন বাস বন্ধ থাকায় এমনিতে বাস মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে তার উপর যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *