সাথী দাস, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: আদিবাসী রাষ্ট্র এবং সারনা ধর্ম কোডের দাবিতে ১২ ঘন্টার ভারত বন্ধ পালন করছে আদিবাসী সেঙ্গেল অভিযান। ভারতের প্রায় ১৫ কোটি প্রাকৃতিক পূজক আদিবাসীদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের। আজ পুরুলিয়া জেলার কাঁটাডি মোড়ে ৩২ নম্বর জাতীয় সড়ক, হুড়ার লালপুর মোড়ে ৬০ এ বাঁকুড়া- পুরুলিয়া জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠনের সদস্যরা। বেসরকারি বাস চলাচল একপ্রকার সকাল থেকেই বন্ধ। জনজীবনে বেলা বাড়তেই পড়বে প্রভাব।

বনধে দক্ষিণ পূর্ব রেলে বড় রকম প্রভাব পড়েছে। বিশেষ করে আদ্রা ডিভিশনের চান্ডিল ও বার্নপুর শাখায়। রাঁচি থেকে হাওড়াগামী বন্দে ভারত ট্রেন পুরুলিয়া স্টেশনে ৫০ মিনিট আটকে পড়ে। পরে ফের মুরি দিয়ে ঘুর পথে গন্তব্যস্থলের দিকে রওনা দেয় ট্রেনটি। এছাড়া হাওড়া- চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করে পুরুলিয়া স্টেশনে রাখা হয়। বেশ কিছু ট্রেন ঘুরপথে ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা যেমন হয় তেমনই কিছু ট্রেন বাতিল করা হয়। সব মিলিয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পর্যটন মরশুমে পুরুলিয়া জেলায় ঘুরতে আসা পর্যটকরা সমস্যায় পড়েন। প্রশাসনিক আশ্বাসে সাড়ে দশটা নাগাদ রেল ও সড়ক অবরোধ উঠে যায়।

