সাথী দাস, পুরুলিয়া, ২৩ জানুয়ারি: প্রাকৃতিক ঝঞ্ঝা হার মানল আবেগের কাছে। বৃষ্টি মাথায় নিয়েই যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হল পুরুলিয়ায়। আজ সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পুরুলিয়া শহরে নিজের বাড়িতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী এবং তাঁর কীর্তি সম্বলিত পুস্তিকা ও ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেন প্রাক্তন প্রবীণ শিক্ষক উদয় শংকর দে। আগামী প্রজন্মের কাছে এই মহাপুরুষের আদর্শ তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন বলে জানান উদয়বাবু।

পুরুলিয়ার সুভাষ উদ্যানে পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর ও জেলা যুবকল্যাণ দফতরের উদ্যোগে পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) সুপ্রিয় দাস, জেলা যুবকল্যাণ আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, তথ্য সংষ্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

প্রত্যাশিত মতোই পুরুলিয়া জেলার ব্লকে ব্লকে মর্যাদার সঙ্গে দেশ নায়কের জন্ম দিবস পালিত হয়। পুরুলিয়া শহরের নামোপাড়ার নীলকন্ঠ নিবাসে (প্রয়াত বিশিষ্ট আইনজীবী এবং পুরুলিয়া পৌরসভার প্রথম পৌরপ্রধান নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ি) শ্রদ্ধার সঙ্গে উদযাপন হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম দিন। স্বাধীনতার আগে দলীয় কাজে এই বাড়িতেই ওঠেন নেতাজি। সেখানে একটি বৈঠকও করেন তিনি। ১৯৩৯ সালে সুভাষ চন্দ্র বসু পুরুলিয়ায় এসেছিলেন। উঠেছিলেন বিশিষ্ট আইনজীবী নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে মানভূম ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল।

পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করে জেলা বামফ্রন্ট। নেতাজির ছবি সম্বলিত একটি ট্যাবলোর যাত্রা শুরু হয় জেলা বিজেপির পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপিত হয়। দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন করে কংগ্রেসও।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হয়। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো মাস্ক ও শীত বস্ত্র, কম্বল বিতরণ করে।

