পার্থ খাড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: ডিভিসির জল ছাড়ার খবরে আমন চাষিদের কিছুটা স্বস্তি মিললেও ক্যানেল সংস্কারের অভাবে মাথায় হাত শালবনীর বিস্তীর্ণ অঞ্চলের আমন চাষিদের।
প্রকৃতির খামখেয়ালীপনায় আষাঢ়ের শেষেও দেখা নেই বৃষ্টির, ফলে বিপাকে আমন চাষিরা। শালবনি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে গেছে কংসাবতীর ক্যানাল খাল। ডিভিসির জল ছাড়ার খবরে গোয়ালতোড় ব্লকের আমন চাষিদের কিছুটা স্বস্তি মিললেও হতাশ শালবনি ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের আমন চাষিরা। কারণ শালবনীর জঙ্গল লাগোয়া বুড়িশোল, ধান্যশোলা, ভাদুতলা, পিরচক, শিরবনীর আমন চাষিদের সম্পূর্ণ নির্ভর করতে হয় আকাশের জলের উপর। তাই অধিকাংশ চাষিরই তৈরি হয়ে গিয়েছে আমন ধানের চারা, যা তারা রোপনের অপেক্ষায়। কিন্তু সমস্যা হল- জমিগুলো পাথুরে জমি হওয়ায় বিকল্প জল উত্তোলনের কোনো সুবিধা নেই।

বছর পঞ্চাশ আগে সেচের সুবিধার জন্য তৎকালীন সময়ে খনন করা হয়েছিল এই ক্যানেল খাল যা শাখা প্রশাখা মিলে দীর্ঘ কয়েক হাজার মিটার। যা সরাসরি ডিভিসির সঙ্গে যুক্ত। গ্রামের চাষিদের সেচের জন্য একমাত্র নির্ভর ছিল এই ক্যানেল। তাও আজ সংস্কারের অভাবে আগাছা আর্বজনায় ভরে গেছে। ফলে ডিভিসি জল ছাড়লেও পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের আমন চাষিদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ক্ষেত পর্যন্ত জল পৌঁছানো কেনোভাবেই সম্ভব নয়। যদি এই খালগুলি সরকারের পক্ষ থেকে পুনরায় সংস্কার করার উদ্যোগ না নেওয়া হয় তাহলে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে এই আমন চাষিরা।

