রাজেন রায়, কলকাতা, ২৪ এপ্রিল: ২৪ ঘণ্টা আগে বাড়িতে করোনা আক্রান্ত সন্দেহে মায়ের মৃতদেহ পড়ে থাকার ঘটনায় এবার কার্যত নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের নয়া সিদ্ধান্ত ঘোষণা করা হল। ওই সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িতে যদি কেউ করোনা আক্রান্ত বা করোনা আক্রান্ত সন্দেহে মৃত্যু হয়, যে চিকিৎসক তাকে সাক্ষাৎ দেখতেন বা ভার্চুয়ালি দেখতেন তিনিই ডেথ সার্টিফিকেট দিতে পারবেন।
শুক্রবারই প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় বলেছিলেন, কোনও রাজ্যের কোনও জায়গায় যেন অক্সিজেন ট্যাঙ্কারের গাড়ি যেন আটকে না থাকে। সেটা বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে পুলিশ প্রশাসনকে। এরপরই বিশেষ উদ্যোগ গ্রহণ করল কলকাতা পুলিশ।
লালবাজারের তরফে একটি টুইট করে বলা হয়েছে, অক্সিজেন ট্যাঙ্কার সরবরাহ করার জন্য করা হল বিশেষ গ্রিন করিডোর। তার জন্যে ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করলেই মিলবে সুবিধা। যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে যায় অক্সিজেন ট্যাঙ্কারের গাড়ি। যাতে তাদের কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়।
উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঘাটতি পড়ছে কোভিড শয্যার। এরই মধ্যে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে প্রাথমিকভাবে ১০০টি কোভিড শয্যার ব্যবস্থা করা হল। যেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা হবে। মূলত, পাঁচ ও ছয় তলাতেই কোভিড আক্রান্তদের রাখার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। চিকিৎসার প্রাক্কালে পিপিই কিট, ওষুধ সহ চিকিৎসার যাবতীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে।
সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। অযথা সিসিইউ ও আইসিসিইউতে রোগীদের ভর্তি রাখা হয়েছে অপ্রয়োজনীয়ভাবে। তাদেরকে দ্রুততার সঙ্গে নর্মালে সরানোর নির্দেশ। অভিযোগ পেলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্য দফতরের।

