আদানি ডুবলেও রাষ্ট্রীয় বীমা সংস্থায় তার কোনো প্রভাব পড়বে না, বিবৃতি দিয়ে সংসদে জানিয়ে দিল মোদী সরকার

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়ের কোনো প্রভাব রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থাগুলির ওপর পড়বে না। সোমবার নরেন্দ্র মোদী সরকারের তরফে সংসদে এই দাবি করা হয়েছে। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার লগ্নির কারণে শেয়ার বাজারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এলআইসি, জিআইসি বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত করাড সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন সংসদে।

কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির প্রশ্নের জবাবে লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, আদানি গোষ্ঠীর দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব বীমা সংস্থার মোট লগ্নি ৩৪৭ কোটি ৬৪ লক্ষ টাকা, যা পাঁচটি সংস্থার মোট সম্পদ মূল্যের মাত্র০.১৪%। তাছাড়া রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভারতীয় জীবন বীমা নিগমের মোট সম্পদের ১% এর কম আদানি গোষ্ঠীতে লগ্নি করা হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।

যদিও সোমবার কেন্দ্রের আশ্বাসে ভরসা না রেখে আদানি কাণ্ডের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে বিরোধীরা সংসদে সরব হয়েছেন।

এদিকে এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে রয়েছে বলে প্রকাশিত বিভিন্ন খবরকে অসত্য বলে দাবি করেছে এলআইসি কর্তৃপক্ষ।

জানুয়ারির শেষ সপ্তাহে গৌতম আদানি শিল্প গোষ্ঠীর প্রতারণা নিয়ে আমেরিকার সংস্থা হিডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পরেই পড়ে যায় তাদের সংস্থার শেয়ারের দর। এই পরিস্থিতিতে আদানি এন্টারপ্রাইজের নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যায় গত ১ ফেব্রুয়ারি। ঘটনাচক্রে ওই দিনই কেন্দ্রীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীতে লগ্নি করা রাষ্ট্রায়াত্ত্ব বীমা সংস্থাগুলি বিপাকে পড়তে পারে বলে বড়সড় জল্পনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *