স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জানুয়ারি: রায়গঞ্জের মণিপাড়ায় পাটের গুদামে অগ্নিকান্ডের পর কেটে গেছে ৪৮ ঘন্টা। এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। গুদামের একেবারে শেষ অংশে এখনও আগুন জ্বলছে বলে দমকল সূত্রে খবর। বুধবার সকালেও দমকল কর্মীরা জোর তৎপরতার সাথে কাজ করে চলেছে। মঙ্গলবার জল সরবরাহ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকলকে।
জাতীয় সড়কের উপর দিয়ে পাইপ টেনে কুলিক নদী থেকে তোলা হয়েছিল জল। ফলে জাতীয় সড়কে যান চলাচলের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরী হয়েছিল। যদিও বুধবার সকাল থেকে সেই সমস্যা মিটে যায়। জাতীয় সড়কের উপর থেকে তুলে দেওয়া হয় পাইপ। এদিন পার্শ্ববর্তী পুকুর থেকে জল তুলে তা সরবরাহ করা হয় গুদামে। এদিন পুনরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মালদা ও উত্তর দিনাজপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস। তিনি বলেন, ৩ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দমকল কর্মীরা। যথেষ্ট সহযোগীতা করছে পুলিশও। ডালখোলা, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং মালদার দমকল কর্মীরা এই কাজে সামিল রয়েছেন। এখনও আগুন ধিক ধিক করে জ্বলছে। জেসিবি ঢোকার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল। এছাড়াও প্রবল ধোঁয়ায় দমকল কর্মীরাও বেশ কিছুক্ষণ শেষের অংশে ঢুকতে বাধা পান। তবে বর্তমানে সেখানে জল সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে এই গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা চোখে পড়েনি বলে দাবি তাঁর। এক্ষেত্রে সচেতনতা অবলম্বনের বিষয়ে বার্তা দিয়েছেন দমকল আধিকারিক।

অন্যদিকে এ বিষয়ে এখনও এলাকার মানুষের চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা ৪৮ ঘন্টা ধরে আতঙ্কের মধ্যেই ছিলেন, কিন্তু এখন আগুনের তীব্রতা কমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন। পাশেই যেহেতু ঘনবসতি রয়েছে তাই বড়সড় বিপদ হতে পারত বলে আতঙ্কিত ছিল এলাকাবাসীরা।
প্রসঙ্গত, সোমবার রাত ৯টা নাগাদ রায়গঞ্জের মণিপাড়ায় পোখরাজ সিংঘির সুবিশাল পাটের গুদামে আগুন লেগে যায়। একাধিক পাট বোঝাই গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট
হয়নি।

