রাজেন রায়, কলকাতা, ১৬ ডিসেম্বর: আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুরভোট হবে রাজ্য পুলিশের মাধ্যমেই। কোনও রকম কেন্দ্রীয় বাহিনী থাকবে না ভোটে। অন্যদিকে ভোটের একাধিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবার ফের বৈঠকে বসেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। বৈঠক থেকে বেরিয়ে শিশির বাজোরিয়া, অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হন।
গেরুয়া শিবিরের তরফ থেকে সিসিটিভি স্ট্রিমিং নিয়ে আবেদন করা হয়েছিল, আজকের বৈঠকের পর শিশির বাজোরিয়া জানিয়েছেন, সেই সংক্রান্ত কোনও সমাধান উঠে আসেনি আজও। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন বাতিল করেছে উচ্চ আদালত, সেই প্রসঙ্গে শিশির বাবু বলেন, “হাইকোর্টের যে রায়, তাতে আমরা খুশি নই। আমাদের আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন চিফ জাস্টিসের রায়ের পর। তাছাড়া উপায় নেই।” তার মতে, “কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই ভোট সুষ্ঠ হতে পারে না, মানুষের জন্য মানুষের স্বার্থে আমরা আবেদন জানিয়েছিলাম। সিঙ্গল জাজের পর অ্যাপিল ডিভিশন বেঞ্চ যায়, আমরা তাই করেছি।”
তাঁরা অভিযোগ জানিয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ডে বুথ লোকেশন বদল নিয়ে। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার কথায়, “ঘোষণা হওয়ার পরে কিছু জায়গায় বুথের লোকেশন বদলে গিয়েছে, বিজেপির মতে ঘোষণা হওয়ার পর, মানুষ জানার পর, ভোটার স্লিপ ছাপানোর পর এসব হতে পারে না। ঝড় এলেও বুথের লোকেশন বদলানো যায় না, পাশেই বানাতে হয়, সেখানে বুথের জায়গা বদল অভিপ্রেত নয়।”
তৃণমূলের জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন শিশির বাজোরিয়া। বিজেপি নেতার মতে ভোটের আগে ৪২ নম্বর ওয়ার্ডের যুবদের উদ্দেশ্যে কম্পিউটার বিলি করছেন, ভোটের আগে এই ধরনের কাজ বিধিভঙ্গ। তিনি আশাবাদী কমিশন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

