রেশনের চাল, গম পাচারের অভিযোগে গ্রেফতার হাবড়ার প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৯ মে: রেশনের চাল, গম বাংলাদেশ পাচার করার অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়ার এক চাল ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার রাতে হাবড়া থানার জয়গাছি এলাকা থেকে আইবি ও হাবড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। ধৃতের নাম নিরঞ্জন সাহা। গত বছর তিনি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে রেশনের চাল ও গম পাচার করছিলেন বলে অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। হাবড়া শহরে তিনি অতি প্রতিষ্ঠিত এক চাল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

গতবছর অক্টোবর মাসে ১৭০ ট্রাক বোঝাই চাল, গম আটক করেছিল শুল্ক দফতর। প্রায় ৪৫০০ টন চাল, গম উদ্ধার হয়। এফ সি আই এর স্টিকার দেওয়া বস্তার চাল, গম বাংলাদেশে কেন যাচ্ছে সেই প্রশ্নে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই সময় হাবড়ার অনেক নেতার নাম জড়িয়ে ছিল। বিধানসভা নির্বাচনের আগে গম পাচার হচ্ছে বলে রাজনৈতিক ইস্যু হয় এটি। সেই ঘটনায় হাবড়ার প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহাকে গ্রেফতার করল পুলিশ। যদিও শুল্ক দপ্তর ওই চাল, গম আটক করে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল।

সেই ঘটনায় সরব হয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশেও দেন তিনি। এরপর তদন্তে নেমে গতকাল রাতে গয়েন্দা বিভাগের একটি দল আসেন হাবড়া থানায়। হাবড়া থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল জয়গাছির বাসিন্দা নিরঞ্জন সাহার বাড়িতে হানা দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসংগতি থাকায় পুলিশ চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহাকে গ্রেফতার করে। প্রথমে তাকে হাবড়া থানায় নিয়ে আসা হয়। পরে হাবড়া থেকে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত নিরাঞ্জনবাবু বলেন, চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। যদিও এই নাটকীয় ঘটনার পেছনে অন্য কোনও রহস্য আছে কি না বা চক্রান্ত কি না তা সময়ই বলবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *