আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ মার্চ: আমি মুসলমান এবং বালি, কয়লা ও পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি তাই আমাকে নলহাটি বিধানসভা কেন্দ্র প্রার্থী করা হল না। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই নিজের ফেসবুক লাইভে এমনই মন্তব্য করলেন বীরভূমের নলহাটি বিধানসভার বিদায়ী তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস।

প্রার্থী তালিকায় নাম না থাকায় কেঁদে ফেলেন মইনুদ্দিন শামস। এরপরেই বন্ধ ঘরের মধ্যে থেকে নিজের মতামত লাইভ করেন। বলেন, আমি বালি, কয়লা, পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। তাই আমাকে প্রার্থী করা হল না। তাছাড়া আমি মুসলমান, টুপি পড়ি বলে প্রার্থী করা হয়নি”। লাইভ বক্তব্য দিতে গিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে নলহাটি বিধানসভা কেন্দ্রে লড়াই করার কথা ঘোষণা করেন। তবে কোন দল থেকে লড়বেন তা দুদিনের মধ্যে ঘোষণা করবেন বলে জানিয়েছেন। লাইভ তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করেন, রাজ্য থেকে তৃণমূলকে মুছে দিন। এই দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। তিনি বলেন, “নলহাটির মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি নলহাটিকে সমস্যা মুক্ত বিধানসভা করার শপথ নিয়েছিলাম। সেই শপথ আমি পূরণ করব।”

এদিকে নলহাটি কেন্দ্রে রাজেন্দ্র প্রসাদ সিংহের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর সমর্থকরা। আবির খেলে। বাজি পুড়িয়ে উচ্ছ্বাস করে।

