আমাদের ভারত, হুগলি, ১২ ডিসেম্বর: ১৯তম পরিবেশ মেলা ২০২৩ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর, ২০২৩ চন্দননগরের বড়বাজারে সবুজের অভিযানের মাঠে। আহ্বায়ক পরিবেশ আকাদেমি, সবুজের অভিযান এবং ১৯টি সহযোগী সংস্থা। সহযোগিতায় চন্দননগর পৌর নিগম।
এবারকার মেলার বিষয় ‘পরিবেশবাদ — আগামী বিশ্বের জীবন রেখা ও যুদ্ধ বন্ধ কর, পরিবেশ রক্ষা কর’। পরিবেশ মেলা ২০২৩ আয়োজিত হবে মৃণাল সেন নামাঙ্কিত নগরে। একইভাবে সাংস্কৃতিক মঞ্চ এবং প্রাঙ্গণ নামাঙ্কিত হয়েছে যথাক্রমে দেবকুমার বসু এবং বিশিষ্ট বিজ্ঞানী সমর বাগচীর নামে।
চন্দননগরের ‘পরিবেশ আকাদেমি’-র কার্যকরী সভাপতি ডাঃ কুনাল সেন এবং ‘সবুজের অভিযান’-এর সম্পাদক শিবনাথ লাঙ্গল এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “সাংস্কৃতিক মঞ্চে মেলা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটের সময়ে। বিগত বছরে গোটা রাজ্যজুড়ে যাঁরা পরিবেশ ও সংশ্লিষ্ট বিষয়গুলিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁদের সম্মাননা প্রদর্শন এবং সম্বর্ধিত করা হবে। উদ্বোধন করা হবে পরিবেশবাদ বিষয়ক তিনটি গ্রন্থ ও শহর চন্দননগর বিষয়ে একটি গ্রন্থ, আরও কিছু পত্রপত্রিকা ও মেলার স্যুভেনির। দুঃস্থ মহিলাদের মধ্যে চাদর বিতরণ করা হবে।
এর পর শুরু হবে প্রথিতযশা স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাঁচদিনের এই মেলায় সাংষ্কৃতিক মঞ্চে অংশগ্রহণ করবেন প্রায় সাড়ে তিনশো জনের মতো সংস্কৃতি কর্মী ও শিল্পী।
তৃতীয় দিন সকাল সাড়ে দশটার সময়ে পরিবেশ আকাদেমির ব্যবস্থাপনায় এবং কোন্নগরের যুক্তিমন ও বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত হবে পরিবেশ কর্মশালা- বিষয়: পরিবেশ বান্ধব উৎসব ও ভ্রমণ। পঞ্চম ও শেষ দিনে সাংষ্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরণ পর্ব। এই পাঁচ দিন ধরেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন চিত্তাকর্ষক স্টল। এই মেলার কোন প্রবেশমূল্য নেই।”

