সাথী দাস, পুরুলিয়া, ১৭ মার্চ: ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল পুরুলিয়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে সভা করবেন তিনি। বেলা ১১-৩০ টাতে সভা করার কথা তাঁর। মূলত জঙ্গল মহলকে টার্গেট করেই মোদীর পুরুলিয়া সফরে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর এই সভায় কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটবে বলে জানান বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ তিনি ছাড়াও দফায় দফায় সভা স্থলের প্রস্তুতির তদারকিতে যান বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা প্রমুখ নেতৃত্ব।

এদিন সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকদের সভাস্থলে প্রযুক্তির কাজ দেখতে ভিড় দেখা যায়। সেখানেই মোদির নামে স্লোগান তুলে উচ্ছাস প্রকাশ করেন। সভাস্থল শুধু নয়, পুরুলিয়া শহরে বিভিন্ন রাস্তায় বসেছে মোদির কাট আউট। চেয়েছে বিজেপির পতাকা। সভায় সর্বাধিক জনসমাগম করতে সাত দিন আগে থেকে প্রস্তুতি নিয়েছে জেলা বিজেপি। সভাস্থলে মহিলাদের উপস্থিতি সর্বাধিক হতে পারে তার জন্য তিনটে ছাউনিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে আসছেন মোদী। একুশের ভোটে মোদী, শাহকে মুখ করেই এগোতে চাইছে বঙ্গ বিজেপি।
প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। তার আগে জঙ্গলমহল দখলের লড়াইয়ে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। মোদী-শাহকে তাই দফায় দফায় রাজ্যে এনে প্রচারে সামিল করছে বঙ্গ বিজেপির নেতারা। অমিত শাহ ঝাড়গ্রামে সভা করেছিলেন। বাঁকুড়ায় রোড শো করেছেন জেপি নাড্ডা। তারপরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পুরুলিয়ায় প্রচারে। ভিভিআইপি প্রচারে একের পর এক চমক দিয়ে চলেছে বঙ্গ বিজেপি। লক্ষ্য নবান্ন। মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে জঙ্গল মহলের অন্যতম জেলা পুরুলিয়ার মোদির এই সভায় সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সভাস্থল, হেলিপ্যাড নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। সুশৃংখল ভাবে সভা শেষে করার লক্ষ্যে পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

