ইংরেজ বাজার থানার পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার ১৮টি চোরাই মোটরবাইক, গ্রেপ্তার ১১

আমাদের ভারত, মালদা, ২৩ সেপ্টেম্বর: পুজোর আগে চোরাই মোটরবাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১৮টি চোরাই মোটরবাইক। গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

শুক্রবার ইংরেজ বাজার থানায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার সাও অমিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এবং ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস। জানা গেছে, চোরাই মোটর বাইক উদ্ধারে ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করেছিল মালদা জেলা পুলিশ। সেইমতো জেলা জুড়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ইংরেজ বাজার থানা সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় ১৮ টি চোরাই মোটর বাইক। গ্রেপ্তার করা হয় ১১ জনকে।

জানাগেছে, ধৃতরা বেশিরভাগই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার জানান, মূলত চুরি ছিনতাইয়ের কাজেই ব্যবহার করা হতো এই বাইকগুলি। বাইক পাচার চক্রের দুই মূল পান্ডাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *