ডাম্পারের ধাক্কায় মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের, কাঁকসায় পথ নিরাপত্তার দাবিতে অবরোধ পড়ুয়াদের

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২৫ এপ্রিল: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। আর তার প্রতিবাদে পথ নিরাপত্তার দাবিতে রাস্তা অবরোধ করল কলেজ পড়ুয়ারা। সোমবার ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল কাঁকসার মুচিপাড়া শিবপুর রোডের মলানদিঘি এলাকায়।

ঘটনায় জানা গেছে, রবিবার রাতে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় কাঁকসার মলানদিঘি সংলগ্ন বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম শিবু কামার(২৫)। এদিন রাতে বীরভূম থেকে আসা একটি পাথর বোঝাই বেপরোয়া ডাম্পার শিবুকে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে ওই এলাকার দুটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। সোমবার পথ নিরাপত্তার দাবিতে অবরোধ করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ুয়ারা। অভিযোগ, মলানদিঘি এলাকায় রয়েছে দুটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল। নিরাপত্তার অভাবে বাড়ছে শ্লীলতাহানি, চুরি এবং দুর্ঘটনা। মুচিপাড়া -শিবপুর রোডে বীরভূম থেকে আসা বালি ও পাথরবোঝাই লরি ডাম্পার বেপরোয়া চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।”

পড়ুয়াদের দাবি, “রাস্তার ওপর স্পিড ব্রেকার, স্ট্রিট লাইট এবং ট্রাফিক ব্যাবস্থা বাড়াতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন হবে। এদিন কলেজ থেকে মিছিল করে মলানদিঘি পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার ওপর বসে পড়ে পড়ুয়ারা। অবরোধের জেরে ট্রাক, ডাম্পার আটকে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *