স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ আগস্ট: ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হল বাইক আরোহী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড় এলাকায়।
জানা গেছে, শান্তিপুরের রামনগর মাঠ নিবাসী অমিত সরকার, বড় বাজারের দিক থেকে মোটর সাইকেল করে ডাকঘর মোড়ে আসছিলেন। অন্যদিকে শান্তিপুরের ডাকঘর মোড় থেকে সবুজ সংঘ ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল একটি মাল বোঝাই ইঞ্জিন ভ্যান। মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলের সংজ্ঞাহীন হয়ে পড়েন অমিত বাবু। এলাকাবাসীদের তৎপরতায় তাকে শান্তিপুর স্টেট
জেনারেল হাসপাতালে ভর্তি করালে ডান পায়ে ১৪ টি সেলাই পড়ে এবং তার পায়ের গোড়ালির হাড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে।
এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল এবং মাল বোঝাই ইঞ্জিন ভ্যান শান্তিপুর থানায় আটক রাখা হয়। ইঞ্জিন ভ্যান চালকের হদিস পাওয়া যায়নি এখনোও পর্যন্ত। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন।

