আমাদের ভারত, কলকাতা, ৩০ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিল কলকাতার আর্মহাস্ট স্ট্রিট থানা এলাকায়। ওই এলাকার একটি ছাপাখানায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল স্টিকার উদ্ধার করল পুলিশ কর্মীরা। মূলত ওই ছাপাখানায় হোন্ডা কোম্পানির মোবিলের বোতলের নকল স্টিকার তৈরি করা হচ্ছিল। এই স্টিকারই পশ্চিমবঙ্গ সহ বিহার, ওড়িশা, ঝড়খণ্ড এলাকায় চলে যেত নকল মোবিল প্রস্তুতকারকদের কাছে।

তদন্তকারী পুলিশ কর্তাদের দাবি, দিনের পর দিন নকল মোবিল প্রস্তুতকারকরা ক্রেতাদের ঠকাচ্ছেন। নকল মোবিল তৈরি করে সেখানে হোন্ডা কোম্পানির আসল মোবিলের বোতলের স্টিকারকে নকল করে সেই বোতলের উপর সাঁটিয়ে তা বাজারজাত করা হচ্ছে। ক্রেতারা কিছু না বুঝেই নকল মোবিলকে আসল ভেবে কিনছেন। একদিকে যেমন ক্রেতারা ঠকছেন এই ঘটনায়, তেমনি এই মোবিল যে সমস্ত মোটর বাইক, স্কুটার কিম্বা অন্য কোনো যন্ত্রে ব্যবহার করা হচ্ছে সেগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হোন্ডা কোম্পানির তরফ থেকে অভিযোগ পেয়েই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে এবং প্রচুর পরিমাণে নকল স্টিকার বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

