স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি: স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুঃস্থ ও গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে টিউশন দিয়ে চলেছেন রায়গঞ্জ রেলওয়ে পুলিশ ইনভেস্টিগেটিং সেন্টারের পুলিশ কর্মীরা। প্রায় একবছর ধরে বিনামূল্যে টিউশন পেয়ে ভীষণভাবে উপকৃত হচ্ছে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুঃস্থ খুদে পড়ুয়ারা। রায়গঞ্জ রেল পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রায়গঞ্জবাসী।

উল্লেখ্য, স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকেন রায়গঞ্জ স্টেশনের ডালখোলা জিআরপি’র অধীন আরপিআইসি’র পুলিশ কর্মীরা। এর পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে “উইনার্স এডুকেশন ক্লাসেস” এই প্রকল্পের মাধ্যমে এলাকার খুদে পড়ুয়াদের পাঠদান করে চলেছেন এই পুলিশ বাহিনী। দেশের প্রতিটি স্টেশন সংলগ্ন এলাকায় থাকে বস্তি। সেইসব বস্তিতে বাস করেন হাজার হাজার গরিব দুঃস্থ নিরাশ্রয় মানুষ। রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকাতেও রয়েছে বেশকিছু বস্তি। যেখানে থাকেন দিন আনা দিন খাওয়া বহু দুঃস্থ গরিব মানুষ। তাদের ছেলেমেয়ারা বেসরকারি স্কুলে বা প্রাইভেট টিউটর দিয়ে পড়াশোনা চালাতে পারেন না। এইসব দুঃস্থ গরিব প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে টিউশন দিয়ে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আরপিআইসি’র পুলিশ কর্মীরা।

রায়গঞ্জ স্টেশনে আরপিআইসি’র পুলিশের এই পাঠশালায় পাঠদান গ্রহণ করতে আসা বস্তির বাসিন্দা আকাশ বাশফোঁড়, শ্রবণ রজকেরা জানায়, প্রতিদিনই এই স্যারদের কাছে টিউশন পড়তে আসি। খুব ভালো পড়াশোনা করান এবং এখানে এসে পড়াশোনা করতে তাদের ভীষণ ভালোলাগে।

প্রসঙ্গত, “উইনার্স এডুকেশন ক্লাসেস” প্রকল্পের মাধ্যমে এক বছর ধরে বিনামূল্যে পাঠদান করে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আরপিআইসি’র পুলিশ কর্মীরা। রায়গঞ্জ রেল স্টেশনের আরপিআইসি’র সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রজক জানিয়েছেন, বড় সাহেবের নির্দেশে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুঃস্থ ও গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার লক্ষ্যে এই বিনামূল্যে পাঠদান কেন্দ্র খোলা হয়েছে। এলাকার দুঃস্থ ও গরিব শিশুদের বাবা মায়েরা টাকা দিয়ে প্রাইভেট টিউটর রেখে পড়াতে পারেন না। তাদের সাহায্যার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই পাঠদান কর্মসূচি আগামী দিনেও চলবে। রায়গঞ্জ স্টেশনের আরপিআইসি’র পুলিশ কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের বাদিন্দারা।

