সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর জলপাইগুড়ি পুরসভার, ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। প্রত্যেক ওয়ার্ডে প্রতিটি বাড়ি থেকে গাড়ি করে নোংরা আবর্জনা সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে পুরসভা। প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে বুধবার রাস্তায় নামলো পুর কর্তৃপক্ষ। এদিন শহরের ৮ নম্বর ওয়ার্ডে এক শোভাযাত্রার মধ্য দিয়ে বাড়ি বাড়ি প্রচার চললো। পচনশীল ও অপচশীল বর্জ্য আলাদা করে রাখতে বলা হচ্ছে পুরসভার তরফে।

পুর কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে। প্রত্যেক ওয়ার্ডে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে দু’টি বালতিতে রাখতে বলা হয়েছে। কিন্তু পুর নাগরিকদের বড় অংশ কোন বালতিতে পচনশীল ও কোন বালতিতে অপচনশীল বর্জ্য রাখবেন তা বুঝে উঠতে পাচ্ছেন না। এর জেরে সমস্যার পড়তে হচ্ছে পুর কর্মীদের। কারণ পচনশীল বর্জ্য দিয়ে বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে সার তৈরি করার প্রক্রিয়া চলছে। অপচনশীল বর্জ্য পুনরায় ব্যবহার করা যায় কিভাবে সেটাও দেখা হচ্ছে।

সবুজ বালতিতে পচনশীল বর্জ্য যেমন মাছের কাটা, খাবারের অবশিষ্ট, সবজির কাটা অংশ ইত্যাদি। নীল বালতিতে বিভিন্ন খাবারের প্যাকেট সহ অপচনশীল বর্জ্য। এদিন মাইকিং করে প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করা হল। প্রত্যেকের বাড়ির রান্না ঘরে লিফলেট টাঙিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *