অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর: ভোটের আগে আম জনতার দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতিই কার্যকর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। যাবতীয় প্রস্তুতি শেষে সেপ্টেম্বর মাসেই চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। এই প্রকল্প শুরুর আগে আয়োজিত হল জরুরি বৈঠক। শুক্রবার গোপীবল্লভপুর ২ নং ব্লক অফিস চত্বরে এই বৈঠক আয়োজিত হয় ব্লক প্রশাসনের উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর শিং, ফুড ইন্সপেক্টর সহ বেলিয়াবেড়া থানার আধিকারিকরা ও ব্লকের রেশন ডিলাররা।


