কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ বনগাঁর বাগানগ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতির বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ নভেম্বর: কেউ জমি বিক্রি করে আবার কেউ আবার লোকের বাড়ি পরিচালিকার কাজ করে সমিতিতে টাকা জমিয়েছিল। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই টাকা ফেরত দিচ্ছে না সমিতি। পাওনা টাকা ফেরৎ চাওয়ায় গ্রামের মহিলাদের মারধর করার অভিযোগ সমিতির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সমিতির সামনে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাগানগ্রাম বাংলানি এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, ২০০৫ সালে তৈরি হয়েছিল বাগানগ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতি। গ্রামবাসীরা তাদের জমানো টাকা রেখেছিলেন সেই সমিতিতে। গ্রামবাসীরা জানান, ১ টাকা করে সুদ পেতেন তারা। অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে সেই টাকা দেওয়া হচ্ছে না। বাসিন্দারা একাধিকবার দাবি জানিয়েছেন তাদের আসল টাকা ফেরত দেওয়া হোক। অভিযোগ, টাকা ফেরতের বদলে শুধু প্রতিশ্রুতি মিলেছে। সোমবার ক্ষুব্ধ বাসিন্দারা ওই সমিতির এক সদস্য জয়দীপ বিশ্বাসের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।

গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে আমাদের টাকা দেওয়া হচ্ছে না। আমরা সমিতির সদস্যদের কাছে দাবি জানিয়েছি আসল টাকা ফেরত দেওয়া হোক, তাও ফেরত দেওয়া হচ্ছে না। আমাদের জমানো টাকা আত্মসাৎ করেছে সমিতির লোকজন। কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলছেন তারা। সোমবার সকালে শেফালি মন্ডল নামে এক মহিলা টাকা চাইতে গেলে তাঁকে মারধর করা হয়।

অন্যদিকে, সমিতির সদস্য জয়দীপ বিশ্বাস বলেন, করোনার সময় আমাদের প্রচুর টাকার লোকশান হয়েছে। সেই কারণেই আমরা টাকা দিতে পারছি না। গ্রাহকদের আমরা আশ্বাস দিয়েছি তাদের প্রাপ্য টাকা আমরা ফিরিয়ে দেবো। কিছু জমি জায়গা আছে সেগুলো বিক্রি করে তাদের টাকা আমরা পরিশোধ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *