পঞ্চম বক্সা পাখি উৎসবে দেখা মিলল ১১টি নতুন পাখির, উচ্ছ্বাসিত বনদফতর

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৯ জানুয়ারি: পঞ্চম বক্সা বার্ড ফেস্টিভ্যালের শেষ দিনেও উঠে এল উৎসাহিত করবার মত একটি তথ্য। এবারের পাখি উৎসবে মাত্র আড়াই দিনে ২১৭টি প্রজাতির পাখির দেখা মিলেছে। যারমধ্যে ১১টি একদম নতুন প্রজাতির পাখি। রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব জানিয়েছেন, “পাখি উৎসবের তিন দিনে বক্সার জঙ্গলে যে ২১৭টি প্রজাতির পাখির ছবি লেন্স বন্দি হয়েছে, তার মধ্যে এগারেটি প্রজাতি একেবারেই নতুন, যার কথা আগে বক্সার পাখির রেকর্ডে ছিল না।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির দরুন রাজ্যের একমাত্র বক্সা পাখি উৎসবে একদিকে যেমন অংশগ্রহনকারীদের সংখ্যা অনেকটাই কম ছিল তেমনি জঙ্গলের মধ্যে রুটগুলো কিছুটা ছোট করা হয়েছিল। তবে এদিন সমাপ্তি অনুষ্ঠানে প্রতিটি অংশগ্রহনকারী তাদের এই কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বক্সার পাখির বৈচিত্র তুলে ধরেন। এদিকে বনদফতরের দেওয়া তথ্য থেকে জানা গেছে, এবার এই আড়াই দিনে ‘নেপাল হাউজ মার্টিন’, ‘ইন্দো-চাইনিজ রোলার’, ‘হিমালয়ান সুইফ্টলেট’, ‘থিক বিল্ড ওয়াবলার’, ‘হিউমস্ ওয়াবলার’, ‘গ্রেট ময়না’, ‘রোজি পিপিট’, ‘হিমালয়ান বাজার্ড’, ‘রুফস রাম্পেড গ্রাস বার্ড’, ‘হোয়াইট রাম্পেড স্পাইন টেইল’ ও ‘ফায়ার ক্যাপিড টেট’ এর মতো বিরল দর্শন পাখির ছবি তোলা হয়েছে, যা বক্সার পাখির সারনি আরও অনেকটাই সমৃদ্ধ করেছে।

ভি.কে. যাদব জানান, আগামী ১২ই জানুয়ারি থেকে উত্তরবঙ্গ জুড়ে পাখি গননার কাজ চলবে। এরপর রাজ্য বনদফতরের তরফে পশ্চিমবঙ্গের পাখির ছবি, তথ্য সম্বলিত একটি পাখির পুস্তক তৈরী করা হবে।

এদিকে এদিন সমাপ্তি অনুষ্ঠান শেষে বক্সার ফিল্ড ডিরেকটার শুভঙ্কর সেনগুপ্ত জানান, “কোভিড ও অনান্য সমস্যার মধ্যেও আমরা ফেস্টিভ্যাল করতে পেরেছি। আমরা ভালভাবে সাফল্যের সঙ্গে করতে পেরেছি।অংশগ্রহনকারীর সংখ্যা কিছুটা কম হলেও আমাদের অতিমারির দিকটা খেয়াল রাখতে হবে। তারমধ্যেও আমরা ২১৭প্রজাতির পাখির সন্ধান পেয়েছি, যারমধ্যে ১১টি বিগত বছরগুলোতে দেখা যায়নি। তারমধ্যে ৮টি এমন পাখি রয়েছে যা বক্সার ৫২১টি পাখির প্রজাতির যে চেকলিস্ট রয়েছে তারমধ্যে ছিল না।” ন্যাফের মুখপাত্র অনিমেশ বসু জানান, “বক্সার পাখি উৎসবের সাফল্যের পর এবছর মহানন্দা অভয়ারন্যেও প্রথমবার পাখি উৎসব শুরু হতে চলেছে। এটা সত্যি খুব আনন্দের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *