অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ এপ্রিল:
ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের টোটাসাই মৌজার ধান জমিতে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ।শনিবার সকাল স্থানীয় কয়েকজন মানুষ ঐ হাতিটিকে পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায়র মানুষজন হাতি দেখতে জড়ো হন। খবর দেওয়া হয় নয়াগ্ৰাম বন দফতরে। বন দফতরের কর্মীরা টোটাসাইতে মৃত হাতির পাশে পৌঁছে হাতিটি উদ্ধারের চেষ্টা করেছেন। সঙ্গে হাতি মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।

উল্লেখ্য, জঙ্গলমহলের একাধিক জঙ্গলে প্রায় কয়েকটি দলে বিভক্ত হয়ে বেশকিছু দলমার হাতি নিয়মিত বসবাস করছে। সেই হাতিগুলো মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে নয়াগ্ৰাম, গোপীবল্লভপুর এবং সাঁকরাইলের গ্রামগুলোতে হানা দিতে দেখা যায়। ফলে হাতির হানায় স্থানীয় মানুষজনের ফসল থেকে শুরু করে ঘরবাড়ির ক্ষতি হয়। হাতির এই যাতায়াতের ফলে যেমন এলাকার মানুষজন অতিষ্ঠ তেমন বন দফতরের কর্মীরাও হিমশিম খান হাতি নিয়ন্ত্রণ করতে। বন দফতরের এক কর্মীর জানান হাতিগুলো সাঁকরাইলের বনাঞ্চল পেরিয়ে আগের দিন সুবর্ণরেখা নদী পার হয়ে নয়াগ্ৰামের তপোবন এলাকায় অবস্থান করছিল। তপবনে এদিন হাতির দলটিকে সারাদিন গাইড করছিল বন দফতরের কর্মীরা। কিন্তু ঐ হাতিটি কখন বড়খাকড়ি অঞ্চলের টোটাসাই মৌজায় গিয়েছিল তা বুঝতে পারছি না। তিনি আরও জানান, হাতি মৃত্যুর কারণ জানার জন্য উপযুক্ত তদন্ত শুরু হয়েছে। এদিকে দিনের আবারও হাতি মৃতর পর জঙ্গল মহলে হাতি মৃত্যু ঘটায় প্রশ্নের মুখে পড়েছে বন দফতর ভূমিকা নিয়ে।

